বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নারী ক্রিকেটার শারমিনের সেঞ্চুরিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : হারারের সানরাইজ স্পোর্টস ক্লাবে মঙ্গলবার ওপেনিংয়ে নেমে ১৪১ বলে ১১ চারে ১৩০ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলেছেন তিনি।
বাংলাদেশের নারী ক্রিকেটার ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে শারমিন আক্তারের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মেয়েরা ২৭০ রানের বিশাল জয় পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়টি পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরআগে কখনোই সাদা বলের লড়াইয়ে এত বড় জয় মিলেনি।

সেটি পুরুষ হোক কিংবা নারী জাতীয় ক্রিকেট দলে। পুরুষ জাতীয় দল ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে গতবছর ১৬৯ রানে সবচেয়ে বড় জয়টি পায়। এবার বাংলাদেশ নারী ক্রিকেটে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করা শারমিনের ব্যাটিং ঝলকে, অপরাজিত ১৩০ রানের ইনিংসে সবচেয়ে বড় জয়টি পাওয়া সম্ভব হয়েছে।

টস জিতে আগে ফিল্ডিং করে যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩২২ রান করে বাংলাদেশ। যা বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়া হয়ে গেছে। এরআগে কখনোই কোন ম্যাচে ৩০০ রান করতে পারেননি বাংলাদেশ নারী ক্রিকেটাররা।

২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ২১১ স্কোরই সেরা ছিল। এবার শারমিনের সেঞ্চুরিতে ৩০০ রানের উপরে করা সম্ভব হয়েছে। শারমিন ১৪১ বলে ১১ চারে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ২০২ মিনিট খেলে অপরাজিত ১৩০ রান করেন।

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান হন। শারমিনের সাথে তৃতীয় উইকেটে ফারজানা হক (৬৭) ১৩৭ রানের জুটি গড়েন। মুর্শিদা খাতুন ৪৭, নিগার সুলতানা ৩৩ রান করেন। এত বড় স্কোর গড়ার পরই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে কখনোই লড়াই করেনি বাংলাদেশ। প্রথমবারের লড়াইয়েই বিশাল জয় মিলে।

জবাব দিতে নেমে শুরু থেকেই বাংলাদেশী স্পিনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মেয়েরা ৩০.৩ ওভারে ৫২ রানেই গুটিয়ে যায়। নোরিস ২৭ বলে ১৬ ও অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ ৪৩ বলে ১৫ রান করেন। সালমা ১০ ওভারে ৫ মেডেনে ১০ রানে ২টি, ফাহিমা খাতুন ৫ রানে ২টি ও রুমানা আহমেদ ১১ রানে ২টি উইকেট নেন। ২৭০ রানের জয় পায় বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বাধিক ৮২ রানে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে বিকেএসপিতে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

পয়েন্ট তালিকায় এখন সবার উপরে বাংলাদেশ। বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। এরপর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ নবেম্বর গ্রুপের শেষ ম্যাচটি খেলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com