সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর দিয়েছে রয়টার্স।

এক প্রতিবেদনে রয়টার্স লিখেছে, সোমবার আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা রয়টার্স দেখার সুযোগ পেয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।

রয়টার্স লিখেছে, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। হাসিনা রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হাসিনার মতই ভারতে, না হয় অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। আর অনেকে আছেন কারাগারে।

রয়টার্স লিখেছে, আওয়ামী লীগ নেতারা তাদের বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্স লিখেছে, দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন।

চিঠিতে বলা হয়, আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

রয়টার্স লিখেছে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি।

প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।

অন্যদিকে, তার দেশে ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com