বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব-তাসকিন আর ডাক পেলেন নাঈম

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : চট্টগ্রামে প্রথম টেস্টের দলে থেকেও শেষপর্যন্ত ছিটকে পড়েন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম টেস্টে ৮ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। এবার পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে থাকছেন সাকিব। তিনি মিরপুর টেস্টে খেলবেন। দ্বিতীয় টেস্টের দলে নতুন মুখ ওপেনার নাঈম শেখ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন নাঈম। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হয়েছে। ২০ সদস্যের দল দেওয়া হয়েছে। তাতে সাকিব আল হাসান আছেন। প্রথম টেস্টের দলে শুরুতে সাকিব ছিলেন। পরে ম্যাচ খেলার জন্য ফিট না থাকায় ছিটকে পড়েন। শেষ মুহুর্তে পেসার খালেদ আহমেদ ও শহিদুল ইসলামকেও দলে ঢোকানো হয়। টি২০ সিরিজের শেষ ম্যাচে তাসকিন ইনজুরিতে পড়েন। তাই প্রথম টেস্টে ছিলেন না। দ্বিতীয় টেস্টের জন্য ফিট তাসকিন। তাই দলে নেওয়া হয়েছে।

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুটি ম্যাচও খেলতে পারেননি। এবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। প্রথম টেস্টে যখন খেলার জন্য ফিট হননি, তখন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্বাবধানে থেকে প্রস্তুতি নেন সাকিব। নিজের একাডেমিতে প্রস্তুতি সারেন। এখন তিনি ম্যাচ খেলার জন্য পুরো ফিট হয়ে উঠেছেন।

টেস্ট দলে ডাক পেয়েছেন নাঈম শেখ

 


প্রথম টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন তাসকিন। তাই তাসকিনকে প্রথম টেস্টের দলে রাখা হয়নি। দ্বিতীয় টেস্টের আগে চোটমুক্ত হয়েছেন তাসকিন। তাই দলে রাখা হয়েছে। নাঈম শেখ ২টি ওয়ানডে ও ৩২টি টি২০ ম্যাচ খেললেও এখনও টেস্ট দলে সুযোগই পাননি। অবশেষে তিনি দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেয়েছেন।

প্রথম টেস্টের দলে অধিনায়ক মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, ইয়াছির আলী রাব্বি, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল ইসলাম জয় ও রেজাউর রহমান রাজা ছিলেন। ১৭ সদস্যের দল ছিল। এবার আরও তিনজন যোগ হয়েছেন। দলে যোগ হয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। নতুন সুযোগ পেয়েছেন নাঈম শেখ।

দ্বিতীয় টেস্টের দল : মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, ইয়াছির আলী রাব্বি, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, নাঈম শেখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com