বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার ভাই। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাই ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে দেশটির মোলাদ্দা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং আবদুল মজিদের ছেলে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কর্মরত ছিলেন। বুধবার তাদের বহনকারী গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।
স্বজনরা জানান, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। এরই প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
এদিকে, চার ভাইয়ের মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ায় তাদের বাড়িতে মাতম চলছে। আত্মীয়-স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।