বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

দুদিনের কোয়ারেন্টাইনে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার:: আজ শনিবার (১৩ নভেম্বর) ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ৮টায় বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা ঢাকায় পৌঁছেছেন। কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেল সোনারগাঁওয়ে। সেখানে দুদিন রুম কোয়ারেন্টাইনের পর মাঠে নামার অনুমতি পাবেন অতিথিরা। দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। মঙ্গলবার তাদের আসার কথা রয়েছে।

তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে ২০১৫ সালের পর আবার বাংলাদেশে এসেছে পাকিস্তান। ২০১৬ সালে এসেছিল এশিয়া কাপ খেলতে। আপাতত টি-টোয়েন্টি দলই বাংলাদেশে এসেছে।

বাংলাদেশ সফরের জন্য গত সোমবার ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজ বাদে বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জনই আছেন দলে। যুক্ত হচ্ছেন ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি। টেস্ট স্কোয়াড কিছুদিনের মধ্যেই ঘোষণা করতে পারে পিসিবি।

১৯, ২০ ও ২২ নভেম্বর দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মিরপুরে। এরপর ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে, ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে। দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে এই সিরিজ দিয়ে।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শোয়েব মালিক, হায়দার আলি, উসমান কাদির ও শাহনাওয়াজ দাহানি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com