সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৬২

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার জেজু এয়ারের পরিচালিত একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি ১৭৫ যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে থাইল্যান্ড থেকে এসেছিল।

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের রেসপন্স টিমের অফিসার লি হাইওন-জি এএফপিকে বলেন, “এখন পর্যন্ত দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে কাজ করছে কর্মীরা।”

এদিকে বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে উড়োজাহাজটিকে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যেতে এবং একটি দেওয়ালে গিয়ে বিধ্বস্ত হতে দেখা যায়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তার চিফ অব স্টাফও এই ঘটনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com