বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোর। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের হুমকি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের পর এ সমর্থন জানানো হয়েছে। আব্রাহাম ও সোর ‘নাজা’ নামের একটি প্রামাণ্যচিত্রের নির্মাতা। চলতি বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটি বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। উৎসবে ছবিটির প্রদর্শনীর পর ২৫ মিনিট ধরে দর্শকদের করতালিও পেয়েছে, যা উৎসবের রেকর্ড বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
‘নাজা’ ছবিতে গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লক্ষ্য নির্ধারণ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। এতে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর ২৪ জন সাবেক বা বর্তমান সদস্যের সাক্ষাৎকার রয়েছে। ছবিটি নির্মাণের পর ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার নির্মাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আব্রাহাম ও সোরের ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের হুমকি দেন।
জোহার অভিযোগ করেন, বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষীদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য নির্মাতারা নিজেদের দেশের ক্ষতি করতে প্রস্তুত।
এ হুমকির পর চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান নির্মাতাদের প্রতি সমর্থন জানায়। টেলুরাইড চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক জুলি হান্টসিঙ্গার বলেন, প্রামাণ্যচিত্র নির্মাতারা বিশ্বের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নাগরিকত্ব নিয়ে হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।
লোক্যার্নো চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষও আব্রাহাম ও সোরের প্রতি সমর্থন জানিয়েছে। তারা বলেছে, কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার জন্য নির্মাতাদের ভয় পাওয়ার প্রয়োজন হওয়া উচিত নয়। শিল্পী ও সাংবাদিকদের স্বাধীনতা চলচ্চিত্রের অন্যতম ভিত্তি বলেও মন্তব্য করেছে তারা।
বার্লিন চলচ্চিত্র উৎসবের পরিচালক ত্রিশা টাটলও নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, শিল্পীদের স্বাধীনভাবে সমাজ ও বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকতে হবে। চলচ্চিত্র নিয়ে বিতর্ক ও সমালোচনা হতে পারে। তবে এর জবাব হওয়া উচিত আলোচনা, ভয় দেখানো বা রাষ্ট্রীয় শাস্তি নয়।
ইসরায়েলেও আব্রাহাম ও সোরের সমর্থনে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে ব্যাপক সমর্থন দেখা গেছে। ১ হাজার ৫০০ জনের বেশি চলচ্চিত্র নির্মাতা তাদের পক্ষে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। এতে নির্মাতাদের বিরুদ্ধে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগও প্রত্যাখ্যান করা হয়েছে।
আব্রাহাম ও সোর ২০২৫ সালে ‘নো আদার ল্যান্ড’ প্রামাণ্যচিত্রের জন্য অস্কার জেতেন। ছবিটিতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা তুলে ধরা হয়েছে। ছবিটির জন্য তারা ফিলিস্তিনি নির্মাতা বাসেল আদরা ও হামদান বাল্লালের সঙ্গে যৌথভাবে পুরস্কার পান।
এর আগে ‘নো আদার ল্যান্ড’ নিয়ে কাজের পর আব্রাহামের পরিবারের বাড়িতেও হামলা চালিয়েছিল উগ্র ডানপন্থিরা বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
অস্কারজয়ী প্রামাণ্যচিত্র নির্মাতা লরা পোইট্রাসও ‘নাজা’র নির্মাতাদের সমর্থন করেছেন। তিনি বলেন, ছবিতে গাজায় বেসামরিক মানুষ হত্যার বিষয়ে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, সেগুলোর ভিত্তি একাধিক সূত্র এবং আগে প্রকাশিত তথ্য।
‘নাজা’ আগামী সপ্তাহে সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এর আগে ছবিটি ইতালির বোলোনিয়া চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে। চলতি মাসের শেষ দিকে নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে উত্তর আমেরিকায় ছবিটির প্রথম প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান