বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নড়াইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। তরিকুল কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলার ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। আদালতের নির্দেশে মামলাটি লোহাগড়া থানায় পাঠানো হলে পুলিশ তা নথিভুক্ত করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী চাকরির কারণে ঢাকায় অবস্থান করেন। এ সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়াসহ অশালীন আচরণ করতেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়া এবং বিষয়টি স্বামীকে জানিয়ে দেওয়ায় তরিকুল ক্ষুব্ধ হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৩১ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে বাড়িতে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হন। পরে হাঁস-মুরগি দেখে ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল তাকে জাপটে ধরেন বলে অভিযোগ করা হয়। এ সময় আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে তার মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তরিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, মামলার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com