বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কৃতি সন্তান, বিশিষ্ট কারাতে প্রশিক্ষক, জাতীয় কারাতে রেফারি ও ক্রীড়া সংগঠক শেখ মাহমুদুন নবী তুষারকে রাজশাহী কারাতে রেফারি কমিশনের সদস্য সচিব হিসেবে পুনরায় মনোনীত করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রেফারি কমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শেখ মাহমুদুন নবী তুষার দীর্ঘদিন ধরে দেশের কারাতে অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রশিক্ষণ, বিচারকতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে রাজশাহী ও উত্তরাঞ্চলে কারাতে খেলাকে জনপ্রিয় ও সংগঠিত করতে তার ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কারাতে কোচ এবং জাতীয় পর্যায়ের কারাতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জুডো ফেডারেশনের সাবেক সদস্য হিসেবেও তিনি ক্রীড়াঙ্গনে কাজ করেছেন।
এছাড়া তিনি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য এবং রাজশাহী জেলা ও বিভাগীয় কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিনের ক্রীড়া প্রশিক্ষণ ও সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ওয়ার্ল্ড স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কারাতে কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন।
সংশ্লিষ্টদের মতে, কারাতে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পাশাপাশি দক্ষ খেলোয়াড় এবং প্রশিক্ষক তৈরিতে শেখ মাহমুদুন নবী তুষারের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার পুনঃমনোনয়ন রাজশাহীসহ দেশের কারাতে অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শেখ মাহমুদুন নবী তুষার বলেন,রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্য সচিব হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। এ দায়িত্বকে তিনি সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব হিসেবেও দেখছেন। তিনি বলেন, দেশের কারাতে খেলাকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণের মানোন্নয়ন, দক্ষ খেলোয়াড় তৈরি, রেফারি ও কোচদের দক্ষতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে কারাতে কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দিতে চান।
বিশেষ করে রাজশাহী বিভাগের কারাতে অঙ্গনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বিভাগের সকল কারাতে প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড়, সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তিগত বিভাজন বা মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাজশাহী বিভাগের কারাতে অঙ্গনের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে কারাতে খেলাকে জনপ্রিয় করে তুলতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শেখ মাহমুদুন নবী তুষার আরও বলেন, রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় কারাতে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তার পুনরায় সদস্য সচিব হিসেবে মনোনয়নের মধ্য দিয়ে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং রাজশাহী বিভাগের কারাতে অঙ্গন নতুন উদ্যমে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।