বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
লিওনেল মেসি স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শেষ হয়েছিল আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন। সেদিনই মূলত শেষ হয়ে গিয়েছিল লিওনেল মেসির জাতীয় দলের গল্প। কিন্তু দেশের জার্সিতে তাঁর বিদায়টা আর্জেন্টিনা এত সহজে হতে দিতে চায়নি। তাই মহাতারকার জন্য এবার আলাদা করে সাজানো হচ্ছে শেষ মঞ্চ।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের বুকা জুনিয়র্সের এস্তাদিও মনুমেন্টালে হতে যাওয়া ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে মেসির শেষ আন্তর্জাতিক উপস্থিতি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দেশটির ফুটবল কর্তাদের পরিকল্পনায়, নিজের দেশের মানুষের সামনে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সিতে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
মেসির বিদায়টা অবশ্য হঠাৎ আসেনি। ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এএফএর প্রকাশ করা নিজের বিদায়ী চিঠিতে মেসি লিখেছিলেন, এটা এমন একটি সিদ্ধান্ত, যা হৃদয়ের গভীরে ব্যথা দিয়েছে এবং এখনো দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সময়।
মেসির ২০ বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টাকে নিজেদের মানুষের সামনে পূর্ণতা দিতে চাইছে এএফএ। আর সেই বিদায়ের জন্য বেছে নেওয়া হয়েছে মনুমেন্টালকে। এটি আর্জেন্টিনার ফুটবলের অন্যতম ঐতিহাসিক মঞ্চ। সেখানে শুধু মেসিকেই নয়, ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও উপস্থিত করার পরিকল্পনা রয়েছে। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটি নিছক একটি প্রীতি ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠতে যাচ্ছে।
আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি, করিয়েছেন ৬৫ গোল। তিনটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা।
মেসির বিদায়ী চিঠিতে আর্জেন্টিনার জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার ব্যাপারটা উঠে এসেছিল, আমি সবসময় সবকিছু উজাড় করে দিয়েছি, শুধু শেষ কয়েক বছর নয়, এর আগেও। এই জার্সির জন্য সবসময় লড়েছি, আপনাদের আনন্দ দিতে এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে। আমি সবটুকু দিয়ে দিয়েছি।
এর আগে মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনার ফুটবলে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছিল। দেশের সব ফুটবল ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি দেওয়ার নির্দেশ দিয়েছিল এএফএ। স্টেডিয়ামে পর্দা থাকলে দেখানো হয়েছিল মেসিকে নিয়ে বিশেষ ভিডিওও।
ঘরের মাঠে বেনিনের বিপক্ষে ম্যাচটির আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টালে বুর্কিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বকাপের রানার্সআপরা।