শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: ‘ফেক নিউজ’ প্রকাশের অভিযোগ তুলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্পের দাবি, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন, যুক্তরাষ্ট্র এবং তাকে নিয়ে নিয়মিত ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ খবর প্রকাশ করছে। তিনি বলেন, সংবাদমাধ্যমগুলোকে প্রেসিডেন্ট বা প্রশাসন সম্পর্কে ‘কল্পকাহিনি ও মিথ্যা’ প্রকাশ করা উচিত নয়। একই সঙ্গে আরও কয়েকটি সংবাদমাধ্যমকে ভবিষ্যতে একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় আনার ইঙ্গিত দেন তিনি।

পলিটিকোর বিরুদ্ধে ট্রাম্প আলাদাভাবে অভিযোগ করেন। তার দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সরকার পলিটিকোর সাবস্ক্রিপশনে প্রায় ৮ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। ট্রাম্প ওই অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং পরবর্তীতে সাবস্ক্রিপশন বাতিল করার কথা জানান।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ওই সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকদের নিজের কার্যালয়ে বা হোয়াইট হাউসে চান না। তবে নিষেধাজ্ঞাটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘোষণার পরও সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে কাজ করতে দেখা যায়।

ট্রাম্পের ঘোষণার পর সিএনএন বলেছে, তারা হোয়াইট হাউসে তাদের দলের ‘ন্যায্য ও নির্ভুল’ সাংবাদিকতার পক্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান তাদের সরকারি হস্তক্ষেপ ছাড়া সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার দিয়েছে। পলিটিকোও তাদের প্রথম সংশোধনী অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনসহ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এই পদক্ষেপের সমালোচনা করেছে। নিষেধাজ্ঞার সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com