রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

৩৭ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক ॥
দেশের বিভিন্ন অঞ্চলে রাত থেকে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে ৩৭ জেলা ও আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। এ সময় কয়েক দফায় দমকা হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যেসব এলাকার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর।

সংস্থাটি আরও জানিয়েছে, উল্লেখিত অঞ্চলের কোথাও কোথাও ১ থেকে ৩ দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সাময়িকভাবে দমকা বাতাসও বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য ভারি বর্ষণ হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, রোববার দুপুর থেকে রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলেও বৃষ্টির পরিধি বাড়তে পারে। এ সময় রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com