শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
মুজিবুর রহমান, ই-কণ্ঠ২৪ডটকম : তিন জাতি ফুটবলে কিরগিজস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার প্রায় অর্ধেক জাগিয়ে রেখেছিল। ২৫ মার্চ বৃহস্পতিবার নেপাল-কিরগিজস্তানের মধ্যে ড্র হওয়াতে বাংলাদেশ ফাইনালে। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন জাতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় স্বাগতিক নেপাল মুখোমুখি হয়েছিল কিরগিজস্তান অলিম্পিক ফুটবল দলের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূন্য ড্র হয়। এই ড্রতে ফাইনালে নাম লেখানো নিশ্চিত করলো টুর্নামেন্টের অপর দল বাংলাদেশ, এক ম্যাচ হাতে রেখেই। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে সেটা এখনও অনিশ্চিত। কেননা দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেও কিরগিজ দলের এখনও ফাইনালে যাওয়ার সুযোগ আছে যদি পরের ম্যাচে নেপাল বাংলাদেশের কাছে দুই গোলের ব্যবধানে হারে। সেক্ষেত্রে নেপালের মতো তাদেরও সমান ম্যাচে পয়েন্ট সমান (১ পয়েন্ট) হয়ে যাবে। কিন্তু গোল গড়ে এগিয়ে থাকার সুবাদে স্বাগতিক দলকে বিদায় দিয়ে কিরগিজ দলই চলে যাবে ফাইনালে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার কিরগিজস্তান অনুর্ধ-২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল। ২৩ মার্চ মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
বৃহস্পতিবারের ম্যাচটি ড্র হওয়াতে লাল-সবুজ দল সেই চাপ নেয়ার হাত থেকে রেহাই পেল। কে জানে, হয়তো তারা বৃহস্পতিবার নিজেদের ফাইনাল খেলা নিশ্চিত করতে মনে মনে নেপালকেই সমর্থন করেছে কি না। বৃহস্পতিবার নেপাল-কিরগিজস্তান উভয়দলই খেলেছে জয়ের জন্যই।
এক জয়ে বাংলাদেশের পয়েন্ট ৩। ১ করে পয়েন্ট নেপাল ও কিরগিজস্তানের।
গত নবেম্বরে নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা দুই প্রীতি ম্যাচের সিরিজে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ ২-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল দল।
দুই দলই গতিশীল ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে। গোল করার একাধিক সুযোগ পেলেও কোন দলই গোলের দেখা পায়নি। বাংলাদেশ যে কোন আন্তর্জাতিক ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে সর্বশেষ খেলেছিল ২০১৫ সালে। সেবার ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠে অবশ্য চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। ফাইনালে দুর্দান্ত খেলেও মালয়েশিয়া অলিম্পিক দলের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তষ্ট থাকতে হয়েছিল লোডভিক ডি ক্রুইফের শিষ্যদের। ছয় বছর আগের সেই ব্যর্থতা এবার কি নেপালকে হারিয়ে সাফল্যের হাসি হাসতে পারবে জেমি ডে’র শিষ্যরা? সেটাই এখন দেখার বিষয়।
২৭ মার্চ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।