শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

তায়কোয়ানডোতে প্রথম অংশ নিয়েই স্বর্ণ রুমা খাতুনের

স্বর্ণপদক হাতে নূরুদ্দীন হোসাইনের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে সোনা জিতেছেন রুমা খাতুন। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুনের। ৬ এপ্রিল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমসে (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ন জিতেছেন ফরিদপুর থেকে উঠে আসা এ এ্যাথলেট। ৭.৬০ স্কোর করে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার ও ৭.৩০ স্কোর করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম ব্রোঞ্জ পদক লাভ করেন।
প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। সোনার পদক জিতে উচ্ছ্বাসিত রুমা বলেন , ‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ন জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।’

নারী দ্বৈতে সেনাবাহিনীর স্বর্ণ
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ডিসিপ্লিনে নারী দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম এ্যানি ও আনিকা আক্তার। ৬ এপ্রিল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে সিনিয়ার নারী পুমস দৈত (১৭-২৪ বছর) ইভেন্টে স্বর্ণ জেতা এ্যানি ও আনিকা স্কোর করেন ৭.৩০। রৌপ্য জেতা বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন এবং লোবনা আক্তারের স্কোর ৭.১০। ৬.৯০ স্কোর করে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার তাসনিম জেরিন খান ও ফারিয়া নওশিন এবং ৬.৮০ স্কোর করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও রাহিমা ইসলাম রিপা যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন।

ভারোত্তোলনে আরও ৬ রেকর্ড
ভারোত্তোলনে আরও ৬টি রেকর্ড হয়েছে। নারী-পুরুষ দুই বিভাগে তিনটি করে মোট ৬ রেকর্ড হয় মঙ্গলবার। নারীদের ৫৫ কেজি ওজন বিভাগে আনসারের ফুলপতি চাকমা ক্লিন এ্যান্ড জার্কে ৮৪ কেজি তুলে রেকর্ড গড়েন। স্ন্যাচে ৬৭ কেজি তোলেন। দুই বিভাগ মিলিয়ে ১৫১ কেজি তোলেন তিনি। রুপাজয়ের পথে সেনাবাহিনীর মার্জিয়া আক্তার স্ন্যাচে ৬৭ কেজি তুলে আরেক রেকর্ড গড়েন। ক্লিন এ্যান্ড জার্ক (৮০ কেজি) মিলিয়ে তিনি ১৪৭ কেজি তুলেছেন। নারীদের ৫৯ কেজিতে আনসারের ফাইমা আক্তার ময়না স্ন্যাচে ৬৬ কেজি তুলে রেকর্ড গড়েন। ক্লিন এ্যান্ড জার্কে ৭৫ কেজি মিলিয়ে মোট ১৪১ কেজি ভার তোলেন তিনি।
ছেলেদের ৬৭ কেজিতে আনসারের বাকি বিল্লাহ ক্লিন এ্যান্ড জার্কে ১৪১ কেজি তুলে রেকর্ড গড়েন। তার আগে স্ন্যাচে তিনি ১১৩ কেজি তোলেন। সবমিলিয়ে ২৫৪ কেজি ভার তোলেন। সেনাবাহিনীর শিমুল কান্তি সিংহ স্ন্যাচে ১১৪ কেজি তুলে রেকর্ড গড়েন। ক্লিন এ্যান্ড জার্কে ১৩৯ কেজি তোলেন তিনি (মোট ২৫৩ কেজি)। ছেলেদের ৭৩ কেজিতে সেনাবাহিনীর হামিদুল ইসলাম স্ন্যাচে ১১৮ কেজি তুলে রেকর্ড গড়েন। ক্লিন এ্যান্ড জার্কে ১৪০ কেজি তোলেন তিনি (মোট ২৫৮ কেজি)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com