বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: দীর্ঘ আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সম্মেলনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢোল বাঁশি বাজিয়ে নেতাকর্মীরা সম্মেলনে আসছেন। সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সম্মেলনের মূল অনুষ্ঠানের আগেই আসতে শুরু করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই সম্মেলন স্থলের মাঠে নেতাকর্মীদের ঢল নামে।
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ এই পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা আওয়ামী লীগ ইউনিট।
কেরাণীগঞ্জ থেকে সম্মেলনে এসেছেন আওয়ামী লীগ কর্মী কাজল হোসেন। তিনি বলেন, ঢাকা জেলায় আওয়ামী লীগ শক্তিশালী। এই সম্মেলনে কেরাণীগঞ্জ থেকে ৫০ হাজার মানুষের আগমন ঘটবে।
সাভার থেকে আগত মিঠুন সরকার ঢাকা টাইমসকে বলেন, হাজার হাজার নেতাকর্মী প্রমাণ করবে আওয়ামী লীগ সংগঠিত। বিএনপির কোনো হুমকি ধামকি ভয় পায় না।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতা। এছাড়া সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানসহ বিভিন্ন নেতারা।
লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জমায়েতের লক্ষ্য নিয়ে এই সম্মেলনের প্যান্ডেল তৈরি করা হয়েছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল। দলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানতে তৈরি করা হয়েছে তোরণ। নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। মূলমঞ্চে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা অবস্থান করছেন।
সম্মেলনে সংগঠন পরিচালনার ভার পুরোনোদের হাতেই তুলে দেওয়া হচ্ছে, নাকি নতুন কাউকে বেছে নেওয়া হচ্ছে- এ নিয়ে আছে নানা আলোচনা। দলের একটি সূত্র জানায়, ঢাকা জেলা কমিটিতে নতুন চমকও আসতে পারে। দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে এবারের জেলা কমিটি হতে পারে।
এ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্মেলনের চারপাশ ছাড়াও মঞ্চের দক্ষিণ পাশে একটি নিয়ন্ত্রণকক্ষ তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন।