বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
মুজিবুর রহমাব বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : অবশেষে ঘোষণাটি আনুষ্ঠানিকতা পেল, টেস্ট থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। গত জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করার পরেই অবসর যে নেবেন, তা জানিয়ে দিয়ে ছিলেন। জুলাইয়ে জিম্বাবুইয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্ট দীর্ঘ সময় পর খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এ ব্যাপারে জানিয়েছেন। তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরুর একদিন আগে আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে ফেললেন।
বিদায় বেলায় তিনি জানান, ‘যে ফরম্যাটে আমি দীর্ঘদিন দলের অংশ ছিলাম, সেখান থেকে নিজেকে সরিয়ে নেয়া খুব একটা সহজ কাজ নয়। আমি সব সময়ই মাথা উঁচু করে চলতে চেয়েছি এবং বিশ্বাস করি, এখনই টেস্ট ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’
কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি মাহমুদুল্লাহ রিয়াদ‘ বিসিবি সভাপতির প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, যখন আমি টেস্ট দলে ফিরে আসি তিনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। দলের সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে সব সাপোর্ট স্টাফকেও। তারা সবাই আমাকে সব সময় উৎসাহ দিয়েছেন এবং আমার সামর্থ্যের ওপর আস্থা রাখতে পেরেছিলেন। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা সব সময়ই একটা সম্মানের বিষয়। অনেক স্মৃতি জমা হয়ে আছে, যা সারাজীবন আমার মনে পড়বে।’
দীর্ঘ ১৭ মাস পর টেস্টে সুযোগ পেয়েই ক্যারিয়ারসেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে দলকে চরম বিপর্যয় থেকে বাঁচিয়ে ভাল অবস্থানে নিয়ে যান তিনি। বাজে ফর্মের দোষারোপে তাকে টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছিল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন রিয়াদ। এ নিয়ে তিনি বলেন, ‘আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি হয়তো। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবো। সাদা বলের ক্রিকেটে দেশকে নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে আমার।’
এক যুগ আগে ২০০৯ সালের ৯ জুলাই কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল রিয়াদের। অবশেষে সমাপ্তি টানলেন। ৫০টি টেস্ট খেলে ৫টি সেঞ্চুরিসহ ৩৩.৪৯ গড়ে ২৯১৪ রান করেছেন। অপরাজিত ১৫০ রানের ইনিংসও আছে। গত জুলাইতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন।
ওই ম্যাচেই অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেন রিয়াদ। ম্যাচটিতে বাংলাদেশ ২২০ রানে জিতে। ম্যাচ সেরাও হন রিয়াদ।অভিজ্ঞ এ অলরাউন্ডারকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে বলা হয়েছিল। বলা হয়েছিল ছোট ফরমেটের ওয়ানডে ও টি২০ ক্রিকেটে মনোযোগ দিতে।
এমনকি বাদ দেয়া হয়েছিল লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকে। সেজন্যই সবাই ধারণা করেন হয়তো অভিমান থেকেই অবসরের ইচ্ছা জানিয়েছেন তিনি। এজন্য তার অবসর ঘোষণা বদলাতে অনেকেই অনুরোধ করেছেন। কিন্তু সেসব জোরালোভাবে প্রকাশ্যে আসেনি। আনুষ্ঠানিকভাবে অবসর না নেয়াতে মাহমুদুল্লাহর অবসর নিয়ে তাই অস্পষ্টাতা ছিলই। সেই আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। টেস্ট ক্যারিয়ারে ইতি টেনেছেন মাহমুদুল্লাহ।