বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট ইতিহাসের অন্যতম পেসার যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে। পেশাদার ক্রিকেটে ১৯০২ উইকেট পাওয়া এই দক্ষিণ আফ্রিকানকে বাংলাদেশের পেসারদের শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে কাজ শুরু করবেন সাবেক এই তারকা পেসার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় মুঠোফোনে জালাল ইউনুস বলেন, ‘আমরা অ্যালান ডোনাল্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি কাজ শুরু করবেন।’

দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডোনাল্ড। দ্রুতই কাজ শুরু করতে উন্মুখ এই কিংবদন্তি, ‘আজ আমার জন্য বিশেষ একটি দিন, দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকে আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিচ্ছি। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকব।’

‘রাসেল ডমিঙ্গোর সঙ্গে আবার নিবিড়ভাবে কাজ করব। আমি জানি, সে বাংলাদেশ দলকে নিয়ে কঠোর পরিশ্রম করছে। আমি বাংলাদেশের পেসারদের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওদের কিছু তরুণ প্রতিভাবান পেসার আছে। আমি জানি ওরা এখন আফগানিস্তানের বিপক্ষে ভালো করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আমি ওদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ – যোগ করেন তিনি।

ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হলেন ডোনাল্ড। বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরের পর আর চুক্তি নবায়ন করেননি গিবসন। ডোনাল্ড এর আগে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান এবং নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচিং প্যানেলে ছিলেন। ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতাও আছে।

কিংবদন্তি পেসারের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৯২ থেকে ২০০৩ পর্যন্ত তিনি টেস্ট ও ওয়ানডে খেলেন সমানতালে। ৭২ টেস্টে ৩৩০ উইকেট ও ১৬৪ ওয়ানডেতে ২৭২ উইকেট পেয়েছে। প্রথম শ্রেণিতে ডোনাল্ড ৩১৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১২১৬টি। লিস্ট এ ক্রিকেটে উইকেট আছে ৬৮৪টি। এছাড়া ২ টি-টোয়েন্টি খেলে পেয়েছেন ২ উইকেট।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে। ওয়ানডে ও টেস্ট দল একই সঙ্গে সফর করবে। টেস্ট দল আগেভাগে গিয়ে গ্যারি কারস্টেনের একাডেমিতে ৮ দিনের ক্যাম্প করবে। সেখানে তিন দিনের জন্য পাওয়া যাবে বিশ্বকাপজয়ী কোচ কারস্টেনকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com