শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিল্প-বাণিজ্য ডেস্ক::
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, লিবিয়ায় সন্ত্রাসী কার্যক্রম নিয়ে উদ্বেগের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়া, তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও নন-ওপেক দেশগুলোর উৎপাদন কমিয়ে দাম বাড়ানোর চেষ্টা এবং ইরান ও ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে পণ্যটির আন্তর্জাতিক চাহিদা হ্রাস পেতে পারে।
এসব কারণে চলতি বছর জ্বালানি তেলের দাম বাড়ছে। সামনে আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
সর্বশেষ লেনদেন মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্কে লন্ডনের ব্রেন্ট তেল প্রতি ব্যারেল বিক্রি হয় ৭১ ডলার ৩৪ সেন্টে। গত নভেম্বরের পর এটিই এ বাজারে পণ্যটির সর্বোচ্চ দাম। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে এদিন প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম পৌঁছায় ৬৪ ডলার ৭৭ সেন্টে। এটিও গত নভেম্বরের পর সর্বোচ্চ।
একদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ। অন্যদিকে ব্রেক্সিট ঘিরে আশঙ্কা। এসব কারণে বিশ্বের অর্থনৈতিক কার্যকলাপ ধাক্কা খেতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছেন অর্থনীতিবিদদের বড় অংশ। ফলে কমতে পারে চাহিদা। অন্যদিকে গত ডিসেম্বর থেকে অপরিশোধিত তেলের উৎপাদন দৈনিক ১২ লাখ ব্যারেল করে ছাঁটাই করে চলেছে তেল রফতানিকারীদের সংগঠন ওপেক ও তাদের সহযোগী দেশগুলো। সঙ্গে রয়েছে ইরান ও ভেনেজুয়েলার মতো তেল রফতানিকারী দেশগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞাও। ফলে চাহিদা ও জোগানের এ টানাটানির ওপরেই দীর্ঘ মেয়াদে তেলের দাম নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে অর্থনীতিবিদদের একাংশ জানাচ্ছেন, ওপেক এবং যুক্তরাষ্ট্র এ রকমই অনমনীয় থাকলে বছরের মাঝামাঝি সময়ে তেলের দাম কিছুটা বাড়তে পারে। অন্তত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অপরিশোধিত তেলের দামের গতি-প্রকৃতি দেখে তেমনই মনে করা হচ্ছে। ওই সময়ের মধ্যে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের অশোধিত তেল, দু’য়েরই দাম বেড়েছে।
প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র আরও চাপ বাড়াবে। কারণ, এখনও নানা কৌশলে বিভিন্ন দেশে জাহাজে করে তেল পাঠাচ্ছে তারা। আবার আন্তর্জাতিক বাজারে যাতে তেলের দাম না কমে তার জন্য সৌদি আরবের নেতৃত্বে অনেক দিন ধরেই মরিয়া ওপেক গোষ্ঠীও।
ডিসেম্বর থেকে তেলের উৎপাদন ছাঁটাই করে চলেছে তারা। পরিস্থিতি খতিয়ে দেখতে এপ্রিলের মাঝামাঝি সময়ে বৈঠকে বসার কথা ছিল তাদের। কিন্তু তা বাতিল করে জুন পর্যন্ত সেই বৈঠক পিছিয়ে দেয়া হয়েছে। ওই মাসের ২৫ ও ২৬ তারিখ ভিয়েনায় বৈঠক হতে পারে।