বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যেতে চান না। তা আগেই জানা হয়ে গেছে। এরপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ড সফরের দলে সাকিবকে রেখেছিল। কারণ, সাকিব লিখিত কোন চিঠি দেননি। যেদিন দল ঘোষনা হল, সেদিনই সাকিব ছুটির জন্য চিঠি দিলেন। ছুটিও পেয়ে গেলেন। তাতে করে নিউজিল্যান্ড সফর যাচ্ছেন না সাকিব আল হাসান। তা নিশ্চিত হয়ে গেল। পাকিস্তানের বিপক্ষে ৮ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টেস্টটি মিরপুরে শেষ হবে। পরদিন সকালেই নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ টেস্ট দল।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে কোন বিরতি পাবে না দল, সেজন্যই সম্ভাব্য ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রাখতে ২০ জন নিয়ে পাকদের বিপক্ষে শেষ টেস্টের দল দেয় বিসিবি। সেই দল থেকেই মিরপুর টেস্টের প্রথম দিন সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি। ১৮ জনের সেই দলে সাকিবও ছিলেন। কিন্তু আগের দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব এবং মৌখিকভাবে সেটি তিনি জানিয়েও রেখেছিলেন। বিষয়টি আরও নিশ্চিত হয় শনিবার মিরপুর টেস্টের প্রথম দিন বিকেলে।
সাকিবের নিউজিল্যান্ড সফরের সময় ছুটি চাওয়া এবং দেওয়ার বিষয়টি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই নিশ্চিত করেছেন। নগরীর একটি হোটেলে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি। সেখানেই সাকিবের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিসিবি সভাপতি।
বিসিবি সভাপতি এ নিয়ে বলেন, ‘সাকিব ছুটি চেয়েছে আমরা মৌখিকভাবে জানতাম। তবে চেয়েছিলাম সে লিখিতভাবে আবেদন করুক। এতে স্বচ্ছতা থাকে। হ্যাঁ, অবশ্যই তার ছুটি মঞ্জুর হয়েছে। নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। এখন ১৭ সদস্যের দলে পরিণত হয়েছে নিউজিল্যান্ড সফরগামী বাংলাদেশ দল। ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা। আগামীবছর প্রথমদিন, ১ জানুয়ারি প্রথম ও ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। সাকিব দুটি টেস্টই খেলবেন না। পারিবারিক কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছেন। নিউজিল্যান্ড সফরে এবার রয়েছে শুধু ২ টেস্ট। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম এবং ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
৯ ডিসেম্বর নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ দল, কারণ ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন রয়েছে এবং একটি নিজেদের মধ্যে এবং অপর একটি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আছে। নিউজিল্যান্ডে বেশ সফল সাকিব। দেশটিতে গিয়ে ৪ টেস্ট খেলে ৭৩.৮৫ গড়ে ৫১৭ রান করেছেন তিনি ২ শতক ও ২ অর্ধশতকে। আর বল হাতে আছে ৯ উইকেট। তবে ২০১৯ সালে ইনজুরির কারণে এবং সর্বশেষ এ বছর মার্চে পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। অর্থাৎ এবার নিয়ে টানা তৃতীয়বার নিউজিল্যান্ড সফরে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল।