বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম পর্ব শেষে সেরা সাকিব-তামিম, নৈপুন্য দেখান জাতীয় দলের ক্রিকেটাররাও

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকমঃ জাতীয় দলের ক্রিকেটাররা নৈপুন্য দেখাচ্ছিলেন। দেখতে ভালোই লাগছিল। এই আফসোস সবার মধ্যেই দেখা যাচ্ছে। চট্টগ্রামে যেভাবে ব্যাট হাতে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং ব্যাট-বল হাতে সাকিব আল হাসান উজ্জ্বলতা ছড়েয়েছেন, তাতে চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর হতাশা থাকছেই। এই পর্ব শেষে আবার ব্যাটিংয়ে তামিম (২৬২ রান) ও বোলিংয়ে সাকিব (১০ উইকেট) সবার উপরেও আছেন।

ব্যাটিংয়ে তামিম (২৬২ রান) ও বোলিংয়ে সাকিব (১০ উইকেট) সবার উপরে আছেন।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম মিনিস্টার ঢাকার হয়ে চট্টগ্রামে সেঞ্চুরিও হাকান। যা এবার বিপিএলে এখনও বাংলাদেশ ব্যাটারদের মধ্যে একমাত্র সেঞ্চুরির ইনিংস। ৬৪ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস উপহার দেন তামিম। ৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিসহ ৫২.৪০ গড়ে ২৬২ রান করেন তামিম। তামিমের পরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের উইল জেকস ৭ ম্যাচে ২২৩ রান করে দ্বিতীয় ও ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৬ ম্যাচে ১৯৪ রান করে তৃতীয় স্থানে আছেন।

সাকিব আল হাসান

বোলারদের মধ্যে ফরচুন বরিশালের সাকিব ১০ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বরিশালেরই ডোয়াইন ব্রাভো ও খুলনা টাইগার্স দলের কামরুল ইসলাম রাব্বি ১০ উইকেট করে শিকার করেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২১ জানুয়ারি বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর শুরু হয়। সেই থেকে চট্টগ্রামে খেলা যাওয়ার আগ পর্যন্ত তামিমই শুধু ব্যাট হাতে ঝলক দেখাতে পেরেছেন। কিন্তু চট্টগ্রামে খেলা যেতেই তামিমের সঙ্গে মুশফিক, রিয়াদ ও সাকিবও ব্যাট হাতে নজর কেড়েছেন। সঙ্গে নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়রাও নৈপুন্য দেখিয়েছেন। বল হাতে সাকিব তো সেরাই। সাথে নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলামরাও আলো ছড়িয়েছেন।

মাহমুদুল্লাহ রিয়াদ
চট্টগ্রামে ব্যাট হাতে রিয়াদ টি২০ ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় (৭০*) ইনিংসটি খেলেছেন

ব্যাট হাতে রিয়াদ টি-২০ ক্রিকেটেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় (৭০*) ইনিংসটি খেলেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে বিপিএলে এবার রিয়াদ দ্বিতীয় সেরা ইনিংসটিও খেলেন। চট্টগ্রামের আফিফ হোসেন ধ্রুব ৪ ম্যাচের তিনটিতেই হাফসেঞ্চুরির কাছে ইনিংস হাকান। চট্টগ্রামে চার ইনিংসে তার ব্যাটিংটা এমন-৪৪, ৩৮, ৪, ৩৯। সাকিবও শেষ ম্যাচটিতে হাফসেঞ্চুরি করেন। রানে ফিরেন। টানা দুই ম্যাচে দলকে জেতান। চট্টগ্রামে তিন ম্যাচে ৯, ৪১ ও ৫০ রান করেন সাকিব। খুলনার অধিনায়ক মুশফিকুর রহিমের ছন্দে ফেরা বিশেষ উল্লেখযোগ্য। তিনি ব্যাটিং ছন্দে ছিলেন না। চট্টগ্রামে তিন ম্যাচে ৪৪*, ৪০, ৩৩ রান করেন। চট্টগ্রামে বরিশালের নাজমুল হোসেন শান্ত (১৯, ৪৫, ২৮), খুলনার ইয়াসির আলী রাব্বি (২৩, ৫৭*), কুমিল্লার মাহমুদুল হাসান জয়ও (১, ৪৬) নিজেকে মেলে ধরতে পেরেছেন। লিটন কুমার দাস ২ ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচেই ৪৭ রান করেন।

মুশফিকুর রহিম

বল হাতে সাকিবের সাথে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ৯ উইকেট করে নেওয়া চট্টগ্রামের নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলামরা নজর কেড়েছেন। চট্টগ্রামেও এ বোলাররা আলো ছড়ান। তবে চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা আলাদাভাবেই বলতে হয়। এবার বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয়। সবার দৃষ্টিতে আছেন এ পেসার।

চট্টগ্রাম থেকে এখন দলগুলো ঢাকায় আসছে। বৃহস্পতিবার থেকে মিরপুরে খেলা শুরু। মিরপুরে দেশের ক্রিকেটাররা ছন্দ পাননি। উইকেট এমনই যে রান করতেই কষ্ট হয়। চট্টগ্রাম থেকে আনা ছন্দ এখন মিরপুরেও কাজে লাগলে হয়। না হলে চট্টগ্রামেই যদি খেলা থাকত, সেই আফসোস থেকেই যাবে।

ব্যাটিংয়ে সেরা তিন
তামিম ইকবাল-মিনিস্টার ঢাকা (৬ ম্যাচ-২৬২ রান)
উইল জেকস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (৭ ম্যাচ-২২৩ রান)
মাহমুদুল্লাহ রিয়াদ-মিনিস্টার ঢাকা (৬ ম্যাচ-১৯৪ রান)
বোলিংয়ে সেরা তিন
সাকিব আল হাসান-ফরচুন বরিশাল (৬ ম্যাচ-১০ উইকেট)
ডোয়াইন ব্রাভো-ফরচুন বরিশাল (৫ ম্যাচ-১০ উইকেট)
কামরুল ইসলাম রাব্বি-খুলনা টাইগার্স (৫ ম্যাচ-১০ উইকেট)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com