শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ ১৪ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ শিশুটির লাশ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লাশ ভেসে উঠে।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম সেহরিশ। তার বাবার নাম শহীদ। কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকায় তাদের বাসা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে ঝুম বৃষ্টি হয়। রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছয় মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। স্থানীয়রা চালক এবং ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে, নারীর কোলে থাকা শিশুটি বৃষ্টির পানির স্রোতে ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও শিশুটির খোঁজ মেলেনি। শনিবার সকালে ফের অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে শিশুটির লাশ ভেসে উঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com