বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

গোলাপবাগের মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হতে যাচ্ছে। রাজধানীর গোলাপবাগ মাঠে এই সমাবেশ সফল করতে নানা বাধা-বিপত্তি ও ভোগান্তির মধ্য দিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। শুক্রবার রাতেই গোলাপবাগ মাঠে অবস্থান নিতে শুরু করেন অনেকে। শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকায় অবস্থান নেয় নেতাকর্মীরা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার সরজমিনে দেখা গেছে, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, মুগদাসহ রাজধানীর বিভিন্ন সড়কে কোনো ধরনের বাস চলাচল করছে না। তবে রিকশা, সিএনজি, লেগুনা চলতে দেখা যায়।

সমাবেশে আসা জোসেফ আহম্মেদ নামে বিএনপির একজন নেতা বলেন, ‘গোলাপবাগ মাঠে সমাবেশে পৌঁছাতে অনেক সমস্যা হচ্ছে। তবে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতাকর্মীরা অনেকে হেঁটে সমাবেশের দিকে আসছেন।

শুক্রবার সন্ধ্যার কিছু আগে প্রশাসনের কাছ থেকে সমাবেশের অনুমতি পাওয়ার পর মঞ্চ প্রস্তুতের কাজ শুরু করেন দলের কর্মীরা। এরপর আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা জড়ো হন মাঠটিতে।

নেতাকর্মীদের ঢল গোলাপবাগ ছাড়িয়ে কমলাপুর স্টেডিয়াম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রধান সড়কের দুপাশে ব্যানার নিয়ে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে সিলেট, যশোরসহ বিভিন্ন দূরের জেলার নেতাকর্মীরা। তারা নানা শ্লোগান দিচ্ছেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com