বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক॥
বাংলা, ইতিহাস ও দর্শনসহ গুরুত্বপূর্ণ ছয়টি বিষয়ে স্নাতক (অনার্স) কোর্স বাতিল হচ্ছে- সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, “আমার জানামতে, এই ধরনের কোনো আলোচনাই কোথাও হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটা কি কখনো বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা অন্তত আমার জ্ঞাতসারে হয়নি।”
সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, “কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে বাংলা, দর্শন বা ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ পড়ে যাবে। এই ধরনের কোনো আলোচনা আমরা কোথাও শুনিনি এবং নিজেরাও কখনো করিনি।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বক্তব্য:
এদিকে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি পরিষ্কার করেছে। তারা জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো কলেজের কোনো অনার্স কোর্স বন্ধ করার ব্যাপারে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিন্দুমাত্র কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা নেই।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার আহ্বান:
এর আগে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একই বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, “কিছু বিষয়ে অনার্স বাতিল হচ্ছে বলে আমিও গণমাধ্যমে দেখেছি। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানানো পর্যন্ত এই ধরনের খবরকে গুরুত্ব না দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব।” তিনিও ব্যক্তিগতভাবে মনে করেন না যে বাংলা, ইতিহাস কিংবা দর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনার্স কোর্স বন্ধ হয়ে যাবে।