রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

খালিয়াজুরীতে ৮০ বোতল ভারতীয় মদসহ আটক ৩

খালিয়াজুরীতে ৮০ বোতল ভারতীয় মদসহ আটক ৩

মাঈন উদ্দিন, স্টাফ রিপোর্টার, খালিয়াজুরী (নেত্রকোনা)ঃ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া ধনু নদীতে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ, ভারতীয় চিপস ও অন্যান্য মালামালসহ তিনজনকে আটক করেছে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

রবিবার (১৭ মে) সকাল আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিপিএম, নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের নির্দেশনায় লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগতজ্যোতি চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ, প্রায় ৩০ কেজি ওজনের দুটি বস্তা এবং ভারতীয় চিপস ভর্তি আরও দুটি বস্তা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন আটককৃতরা হলেন— তাহেরপুর উপজেলার  কালাগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮), মৃত হাসিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৩৪) একই উপজেলার সোনাপুর গ্রামের রজব আলীর ছেলে মো. হারিছ উদ্দিন (৩৪)।

এ বিষয়ে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগতজ্যোতি চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

অভিযানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন উপজেলা বিএনপির সদস্য কামাল আজিম, ২নং চাকুয়া ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা আবু ছালেহ এবং ২নং চাকুয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com