মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, খালিয়াজুরী ,নেত্রকোণাঃ
হাওরাঞ্চলে মাদক পাচার ও বেচাকেনা রোধে অভিযানের অংশ হিসেবে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া ট্রলারঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে লেপসিয়া নৌ-পুলিশ। অভিযানের পর উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার ২০ জুলাই বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া ট্রলারঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। এ সময় মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে রাব্বি আহমেদ (২৬)-কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
নৌ-পুলিশ সূত্র জানায়, লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই হরিপদ পাল-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক যুবকের দেহ তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকগুলো জব্দ করে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।
লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগতজ্যোতি চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ২১ জুলাই তাকে আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশ জানিয়েছে, হাওরাঞ্চলের নদীপথ ও নৌরুটকে ব্যবহার করে যাতে কোনো ধরনের মাদক, চোরাচালান বা অপরাধ সংঘটিত না হতে পারে, সে লক্ষ্যে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।