বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে গাঁজাসহ নারী আটক

মাঈন উদ্দিন, খালিয়াজুরী নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকায় ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক মহিলা হলেন- মহরম আলীর স্ত্রী মোছা. রজনা আক্তার (৪২)। তিনি স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এলাকাবাসীর সঙ্গে তার আচরণ ও বক্তব্যে সন্দেহ আরও ঘনীভূত হলে স্থানীয় নারী-পুরুষ একত্রিত হয়ে তাকে আটক করেন। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিক ও লেপসিয়া পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় সচেতন নারীদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এলাকার এক যুবক বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান বলেন, আটক নারী এর আগেও মাদক-সংক্রান্ত ঘটনায় জড়িয়েছিলেন। এলাকাবাসীর সহযোগিতায় এবারও তাকে আটক করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com