বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
লিটন অসাধারণ ব্যাটিং করে সেঞ্চুরি করেন মুজিবুর রহমানা বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ শেষটা ভালো করতে পারলো না। তিনদিনেই ইনিংস হার হয়ে গেল। । ক্রাইস্টচার্চে টেস্টে সিরিজটা ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রফি ভাগাভাগি করেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস হার হয়ে গেল বাংলাদেশের। ইনিংস ও ১১৭ রানে হারল বাংলাদেশ। এই হারেও আছে প্রাপ্তি। লিটন কুমার দাস সেঞ্চুরি হাকিয়েছেন। বিদেশের মাটিতে লিটন প্রথম সেঞ্চুরি করেছেন। মনে করা হয়েছিল, রস টেলরের জন্যই আবার ব্যাটিং করতে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশ ফলোঅনে পড়লেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠাবেনা। কিন্তু বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারানোর দিকেই ঝুকল নিউজিল্যান্ড। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠালো। তাতে করে ইনিংস হারও হয়ে গেল বাংলাদেশের।
মাউন্ট মঙ্গানুই টেস্টে কী দারুন খেললেন বাংলাদেশ ব্যাটার-বোলাররা। ৮ উইকেটে জয় তুলে নেওয়া গেছে। ক্রাইস্টচার্চ টেস্টে পুরো উল্টো চিত্র। একেবারে নাজেহাল হয়ে গেছে বাংলাদেশ। দেড়দিনও ঠিকমত খেলতে পারল না। দ্বিতীয়দিনের দ্বিতীয় সেশনের ১১ ওভার ও শেষ সেশন (প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট) ও তৃতীয়দিনের তৃতীয় সেশন শেষ না হতেই দ্বিতীয় ইনিংসও (দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট) শেষ হয় বাংলাদেশের। এক লিটন কুমার দাস (১১৪ বলে ১০২ রান) হাল ধরেন। কিন্তু অন্য ব্যাটাররা নিজেদের মেলে ধরতে না পারলে নিউজিল্যান্ড জিতে সিরিজে ১-১ ড্র করে। নিউজিল্যান্ড সফরে এবার ক্রাইস্টচার্চ টেস্টের স্মৃতি ভুলে গেলে প্রাপ্তিই মিলেছে। মাউন্ট মঙ্গানুই টেস্টে জেতা গেছে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার জয় মিলেছে। সেই জয় পেয়ে আনন্দও উদ্যাপন হয়েছে। কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টে এসে হতাশা ধরা দিয়েছে। তাতে করে ঐতিহাসিক জয়ের প্রাপ্তি কিছুটা হলেও ম্লান হয়েছে।
তবে লিটনের সেঞ্চুরি সেই হতাশায় প্রলেপ দিতে পারে। নিউজিল্যান্ড একটি ইনিংসই খেলেছে। প্রথম ইনিংসে টম লাথামের ২৫২ ও ডেভন কনওয়ের ১০৯ রানে ৬ উইকেটে ৫২১ রান করে ইনিংস ঘোষনা করে নিউজিল্যান্ড। দ্বিতীয়দিন দ্বিতীয় সেশন শেষ হওয়ার ১১ ওভার আগে ইনিংস ঘোষণা করে দেয়। এরপর দিনটিতে ১১ ওভারের সাথে আরও ৩০.২ ওভার খেলা হয়। বাংলাদেশের প্রথম ইনিংস এই সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। ৫ উইকেট শিকার করে ৩০০ উইকেট শিকারের মাইলফলকে পাঁ দেওয়া ট্রেন্ট বোল্ট বাংলাদেশ ইনিংসের বারোটা বাজিয়ে দেন। ১২৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। লাথাম যে রান করেন, বাংলাদেশের সব ব্যাটার মিলে তার অর্ধেক রান করতে পারেন। প্রথম ইনিংসেই নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে থাকে বাংলাদেশ।
তখনই মনে হয়েছিল, এই টেস্ট ইনিংস ব্যবধানে হারতে পারে বাংলাদেশ। যদি নিউজিল্যান্ড আবার ফলোঅনে পড়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। নিউজিল্যান্ড তাই করল। লিটন ও নুরুল হাসান সোহান ছাড়া আর কোন ব্যাটার, জুটিই নৈপুন্য দেখাতে পারেননি। ষষ্ঠ উইকেটে লিটন ও সোহান মিলে ১০১ রানের জুটি গড়েন। এই জুটি না গড়া গেলে আরও আগেই অলআউট হয়ে যেতে পারত বাংলাদেশ। দলের ২২৯ রানে সোহান (৩৬) আউটের পর আর ৪৯ রান করতে পারে বাংলাদেশ। শেষ ৪৯ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
লিটন অসাধারণ ব্যাটিং করেন। পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজেই সেঞ্চুরি হাকিয়েছিলেন। এবারও সেঞ্চুরি করলেন। ৬৯ বলে ৫০ রান করার পর ১০৬ বলে গিয়ে ১০০ রান করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হাকান। বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি হাকান। সেঞ্চুরি করার পর আর ২ রান যোগ করতেই আউট হয়ে যান লিটন। ১৪ চার ও ১ ছক্কায় অসাধারণ এ ইনিংসটি সাজান লিটন। দলের ২৬৯ রানে লিটন আউটের পর আর ৯ রান যোগ হতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
শুরু থেকে ব্যাটিংটা খারাপ হয়নি। সাদমান ইসলাম (২১), নাঈম শেখ (২৪), নাজমুল হোসেন শান্ত (২৯) ও মুমিনুল হক (৩৭) চেষ্টা করেন। কিন্তু বড় জুটিই হয়নি। প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান ইয়াসির আলী রাব্বি (২) এবার দ্যুতি ছড়াতে পারেননি। ব্যাটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজও (৩) দ্রুতই সাজঘরে ফেরেন। লিটনের সঙ্গে উইকেট আকড়ে থাকেন সোহান। তাতেই যা স্কোর মজবুত হয়। কিন্তু প্রথম ইনিংসেই নিউজিল্যান্ড এত বেশি রান করে ফেলেছে যে দুই ইনিংস মিলিয়েও বাংলাদেশ ব্যাটারদের তা করা কঠিন হয়ে পড়েছে। তাতে ইনিংস ব্যবধানে হার হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৫২১/৬ (ইনিংস ঘোষণা); লাথাম ২৫২, কনওয়ে ১০৯, ব্লানডেল ৫৭*; শরিফুল ২/৭৯, এবাদত ২/১৪৩। বাংলাদেশ প্রথম ইনিংস ১২৬/১০; ৪১.২ ওভার; সাদমান ৭, নাঈম ০, শান্ত ৪, মুমিনুল ০, লিটন ৮, রাব্বি ৫৫, সোহান ৪১, মিরাজ ৫, তাসকিন ২, শরিফুল ২, এবাদত ০*; বোল্ট ৫/৪৩, সাউদি ৩/২৮, জেমিসন ২/৩২ ও দ্বিতীয় ইনিংস (ফলোঅন) ২৭৮/১০; ৭৯.৩ ওভার; সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ১০২, রাব্বি ২, সোহান ৩৬, মিরাজ ৩, তাসকিন ৯*, শরিফুল ০, এবাদত ৪; জেমিসন ৪/৮২, ওয়াগনার ৩/৭৭।
বাংলাদেশ ইনিংস ও ১১৭ রানে পরাজিত। ম্যাচ সেরা : টম লাথাম (নিউজিল্যান্ড)।
সিরিজ সেরা : ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)।