বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে রাসায়নিক মিশিয়ে তৈরি এক লাখ কেজি ভেজাল মধু জব্দ

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ, ঢাকা ॥
ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক পদার্থ ও রং মিশিয়ে ভেজাল মধু তৈরির অভিযোগে একটি কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি থেকে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কারখানাটিতে চিনি, রং, কৃত্রিম ফ্লেভারসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে মধু তৈরি করা হচ্ছিল। পরে সেখান থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ভেজাল মধু সরবরাহ করা হতো। এ ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করলে তাঁকে ও তাঁর ম্যানেজারসহ তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com