বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ৪ সদস্যের প্রতিনিধিদলকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ মে) বিকেলে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
জামায়াতের আটক চার নেতা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহসভাপতি ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন সোমবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় জামায়াতের ঢাকা মহানগরী শাখা। এ বিষয়ে সহযোগিতার আবেদন নিয়ে জামায়াতের প্রতিনিধিদল বিকেলে ডিএমপি কার্যালয়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দিতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।