শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: পাল্লেকেলেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের চতুর্থদিনের খেলায় দলীয় অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে টাইগারদের ভালোই জবাব দিচ্ছেন লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার লাহিরু থিরিমান্নে এবং দিমুথ করুনারত্নে। ওপেনিং জুটিতে ১১৪ রান তুলেন তারা। এরই মধ্যে ব্যক্তিগত অর্ধ-সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন থিরিমান্নে। ১২৫ বলে ৮টি চারে ৫৮ রান তুলে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা ওসাদা ফার্নান্দোকে ২০ রানে ফেরান তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে অনেকটা ওয়ানডে ধাচে ব্যাট করতে থাকেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। ৩২ বলে ২৫ রান তুলে তাইজুলের বলে আউট হন তিনি।
স্বাগতিকরা তিনটি উইকেট হারালেও ব্যাট হাতে আপনতালে লড়তে থাকেন দলীয় অধিনায়ক দিমুথ করুনারত্নে। তুলে নেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি এখন অপরাজিত রয়েছেন ১১৭ রানে। এদিকে ৪৩ রানে ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত রয়েছেন।
বুধবার টস জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক সৌরভ সেঞ্চুরির দেখা পেয়েছেন। আউট হওয়ার পূর্বে ৩৭৮ বলে ১৬৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন শান্ত। তার খেলা ইনিংসটি ১৭টি চার এবং ১টি ছয়ে সাজানো। আর ১২৭ রান আউট হন মুমিনুল। তার ৩০৪ বলে খেলা ইনিংসটি ১১টি চারে সাজানো।
এছাড়া ৯০ রান করেন তামিম, লিটন ৫০ এবং ৬৮ রানে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ওসাদা ফার্নান্দো।