সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনের সকালে মাত্র ১০ ওভার ব্যাটিং করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ৩০ রানের লিড পাওয়ায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান।
চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অপরাজিত ছিলেন কাভেম হজ ও আমির জাঙ্গু। পঞ্চম দিনের সকালে ১৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন হজ। অন্যদিকে জাঙ্গুর সংগ্রহ ছিল ২০ রান।
দিনের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাঈম হাসান। তার বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করতে পেরেছেন এই ক্যারিবীয় ব্যাটার। ১৯৪ বলে ১৪২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
এরপর জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ১৬ বলে ৯ রান করা এই ব্যাটার।
এরপর নাঈম হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন শামার জোসেফ। তার বলে তুলে মারতে গিয়ে লং অফে তানজিদের হাতে ক্যাচ দেন জোসেফ। ৩ বল খেলে ১ রান করেই ফিরতে হয় তাঁকে।
পঞ্চম দিনের সকালে দ্রুত তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।
এর আগে ম্যাচের চতুর্থ দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল সফরকারীরা। সেদিন মাত্র তিনটি উইকেট নিতে সক্ষম হন বাংলাদেশের বোলাররা। বিপরীতে ৩৩৮ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৪৫ রান। তাতে প্রথম ইনিংসের লিডসহ সফরকারীদের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩১৫ রানে।