সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

দেশে ১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন প্রতিমন্ত্রী

দেশে ১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন প্রতিমন্ত্রী সাংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪৯৫টি উপজেলায় প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া ইভেন্টের জন্য তিনজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে মোট পদের সংখ্যা দাঁড়াবে ১১ হাজার ৮৮০টি।

সংসদে প্রতিমন্ত্রী আরও জানান, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায় থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এতে অংশ নেওয়ার সুযোগ পাবে।
প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা, মাদকাসক্তি এবং কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে দূরে রাখা সরকারের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রীড়া প্রতিভা বিকশিত করার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও এসব উদ্যোগ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com