একশের কন্ঠ ডেস্ক : শ্রমিকদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে প্রাথমিকভাবে ছয়টি শিল্প এলাকায় একটি করে ১০০ শয্যার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত হাসপাতালগুলো স্থাপনের জন্য যেসব এলাকা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, সেগুলো হলো—গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার এবং চট্টগ্রাম। হাসপাতালগুলো শ্রমিকদের জন্য বিশেষভাবে পরিচালিত হবে, যাতে তাঁরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজে পেতে পারেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন। তাঁর অভিযোগ, বিগত সরকারের সময়ে এসব গুরুত্বপূর্ণ খাতে যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবে নানা সংকট তৈরি হয়েছে। বিশেষ করে দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, শিল্পের স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়নি। পাশাপাশি দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়নও বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ওপর নির্ভর করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তাই শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, দেশের চিকিৎসাব্যবস্থার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বিবেচনা করছে। শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সেই বৃহত্তর উদ্যোগের অংশ।