বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

এশিয়ান কাপে বাছাইয়ে শক্তিশালী বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কমেনিস্তানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম ॥ জুনে এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ে শেষ ধাপে জামাল ভূঁইয়ার দল খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে ‘ই’ গ্রুপে ঠাঁই পেয়েছে। বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। এই গ্রুপের আয়োজক মালয়েশিয়া। বাছাই পর্বের চতুর্থ পটে থাকা বাংলাদেশ পেয়েছে শক্তিশালী সব প্রতিপক্ষ।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বৃহস্পতিবার এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে শুরুতে ৬ গ্রুপের আয়োজক নির্ধারণের পর হয় গ্রুপিং।
গ্রুপের তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৬তম) চেয়ে এগিয়ে। মালয়েশিয়া ১৫৪তম, তুর্কমেনিস্তান ১৩৪তম এবং এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল বাহরাইন ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৯তম।

আগামী ৮ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। আগামী ১১ জুন তুর্কমেনিস্তান ও ১৪ জুন মালয়েশিয়ার মুখোমুখি হবে দল।

আগে হোম অ্যান্ড ভিত্তিতে বাছাইয়ের খেলা হলেও করোনার কারণে এবার এক ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। খেলা হবে ৬ গ্রুপে। প্রতি গ্রুপে চারটি করে দল। ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। সবশেষ ২০১৯ সালের এশিয়ান কাপে শেষ ষোলোয় উঠেছিল বাহরাইন। সংযুক্ত আরব আমিরাতে হওয়া ওই প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলেছিল তুর্কমেনিস্তানও।

মালয়েশিয়ারও তিনবার গ্রুপ পর্বে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে সবশেষ তারা গ্রুপ পর্বে খেলেছিল ২০০৭ সালে। একবারই চূড়ান্তপর্বে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের, ১৯৮০ সালে কুয়েতের আসরে। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপে ‘ই’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল বাংলাদেশ। দুটি পয়েন্ট এসেছিল ভারত ও আফগানিস্তানের বিপক্ষের ড্রয়ে। বাকি ৬ ম্যাচে হেরে যায় দল।

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপিং
‘এ’ গ্রুপ ॥ জর্ডান, কুয়েত, ইন্দোনেশিয়া ও নেপাল।
‘বি’ গ্রুপ ॥ ফিলিস্তিন, ফিলিপাইন, ইয়েমেন ও মঙ্গোলিয়া।
‘সি’ গ্রুপ ॥ উজবেকিস্তান, থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
‘ডি’ গ্রুপ ॥ ভারত, হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।
‘ই’ গ্রুপ ॥ বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশ।
‘এফ’ গ্রুপ ॥ কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার ও সিঙ্গাপুর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com