বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আ.লীগ রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই: কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় কথায় সরকারের পদত্যাগ চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে তাঁর উদ্দেশে বলেন, সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে?

সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে, যাথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, – সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু, এ নিয়ে মাতামাতি করে কোন লাভ নেই বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের সাথে এদেশের জনগণ রয়েছে, কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com