শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

আবার বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক::

২৫ দিনের ব্যবধানের সোনার দাম আবার বাড়ছে। সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম হবে ৫৯ হাজার ১৯৫ টাকা ভরি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।

জুলাই ও আগস্ট মাসে পাঁচ দফায় সোনার দাম প্রতি ভরি ৫০ হাজার ১৫৫ টাকা থেকে বেড়ে ৫৮ হাজার ২৮ টাকা হয়। গত সেপ্টেম্বর প্রতি ভরি সোনার দাম কমে ৫৬ হাজার ৮৬২ টাকা হয়েছিল। সর্বশেষ গত ২৪ নভেম্বর দাম বেড়ে পুনরায় ৫৮ হাজার ২৮ টাকা হয়।

জুয়েলার্স সমিতি বলছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

দর বৃদ্ধি পাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫৯ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ৫৬ হাজার ৮৬২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকায়। তবে সনাতন পদ্ধতির সোনার দাম একই থাকছে, প্রতি ভরি ২৯ হাজার ১৬০ টাকা। একইভাবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।

বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ৫০ হাজার ৬৮০ টাকায় টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ছে।

আন্তর্জাতিক বাজারে গতকাল বুধবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ১ হাজার ৪৭৩ মার্কিন ডলার। তবে গত কয়েক মাস ধরেই সোনার দর বেশ ওঠা নামার মধ্যে রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে বিভিন্ন দেশে প্রবৃদ্ধির হার কমে গেছে। স্বাভাবিকভাবে বিনিয়োগও কমে যাচ্ছে। শেয়ারবাজার অস্থির হয়ে উঠছে। অন্যদিকে ডলার দুর্বল হচ্ছে। এতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে ডলারের বদলে সোনার বেছে নিয়েছে। এ ছাড়া সাধারণ বিনিয়োগকারীরাও সোনা কিনে রাখছেন। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com