বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
হতাশ তামিম, সিরিজ বাংলাদেশের, ব্যাটিংয়ে লিটন, বোলিংয়ে ফারুকী সেরাওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ দল – ছবি : বিসিবি মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ বাংলাদেশের স্বপ্ন পূরণ হলো না তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে হারাতে পারলো না। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। ২০১৬ সালেও আফগানদের হোয়াইটওয়াশ করা যায়নি। সেবারও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবারও হোয়াইটওয়াশ করা গেল না। এবারও সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। সেই ২-১ ব্যবধানে জিতে। ব্যাটিংয়ে সেরা বাংলাদেশই হয়ে থাকল। লিটন কুমার দাস ২২৩ রান করে সিরিজ সেরা হলেন। তবে বল হাতে ফজলহক ফারুকী ৬ উইকেট নিয়ে সেরা হয়েছেন।
বাংলাদেশ দল আগেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিশ্চিত করেছিল। তৃতীয় ম্যাচটি তামিমদের জন্য গুরুত্ব ছিল খুব কিন্তু পারলো না।
কেননা এই ম্যাচ জিতলেই পেয়ে যেত বিশ্বকাপ সুপার লিগের আরও ১০ পয়েন্ট, একইসঙ্গে পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়েও ছয়ে উঠে যেতো টাইগাররা।
বাংলাদেশের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ের জন্য সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের হারতে হলো। স্বাগতিকদের করা ১৯২ রানের সংগ্রহ ৫৯ বল হাতে রেখেই টপকে গেছে আফগানিস্তান। তিন ক্যাচ মিসের সুযোগে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
বাজে ব্যাটিংয়ে মাত্র ১৯২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে বড় দায়িত্ব ছিল বোলারদের কাঁধে। কিন্তু সেই মানের বোলিং করতে পারেননি তাসকিন আহমেদ, সাকিব আল হাসানরা। পাশাপাশি ক্যাচ মিসের পশরা সাজান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ফলে কিছুই আর কাজে লাগেনি। তিনবার জীবন পেয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রহমানউল্লাহ গুরবাজ। মাত্র ৯ ম্যাচের ক্যারিয়ারে তিনবার পঞ্চাশ পেরিয়ে তিনটিকেই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। তার অপরাজিত ১০৬ রানের ইনিংসে শেষ ম্যাচ থেকে ১০টি পয়েন্ট পেয়ে গেছে আফগানিস্তান।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যখন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, হাসমতুল্লাহ শহিদী মুচকি হাসেন। কেন? সেই প্রশ্ন পুরস্কার বিতরণী মঞ্চে জানতে চাওয়া হলো। হাসমতুল্লাহ বললেন, ‘উইকেটে গ্রাস আছে। যখন টস জিতে ব্যাটিং নিল, তখন মনে হলো ভালো হয়েছে। দেখা যাক কী হয়।’ সেই হাসির রহস্য তো ম্যাচ জিতেই বুঝিয়ে দিল আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ। উইকেট তাহলে ঠিকমত পরখ করা গেল না। আর তাই ৭ উইকেটের হার হলো। রহমানুল্লাহ গুরবাজের অপরাজিত ১০৬ রানে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজের ব্যবধান কমালো আফগানিস্তান।

সিরিজ সেরা হওয়া লিটন কুমার দাস – ছবি : বিসিবি
তামিম ইকবাল খুব হতাশ। তা হওয়ারই কথা। এক লিটন কুমার দাস (৮৬) ছাড়া আর কোন ব্যাটসম্যানই যে হাল ধরতে পারেননি। তাই বাংলাদেশ ১৯২ রানের বেশি করতেও পারেনি। আফগানিস্তান ৫৯ বল হাতে রেখেই ১৯৩ রান করে ম্যাচ জিতে যায়। তামিম তাই হতাশা প্রকাশ করেন। বলেন, ‘অনেক হতাশাজনক। সুপারলিগের খেলা। মনে আছে, শ্রীলঙ্কার বিপক্ষেও এমনটি হয়েছিল (গতবছর মে মাসে)। শেষ ম্যাচটাই ভালো ভাবে শেষ করা যায়নি। শুরুটা ভালো হয়েছিল। কিন্তু শেষটা ভালোভাবে করা যায়নি। প্রথম দুই ম্যাচ (৪ উইকেটে ও ৮৮ রানে জয়) জেতা গেলেও তৃতীয় ম্যাচটা ভালো হয়নি।’
দলের শেষটা ভালো না হলেও লিটন নিজের ব্যাটিং ঝলক ঠিকই দেখিয়ে দিয়েছে। ৩ ম্যাচে এক সেঞ্চুরি, এক হাফসেঞ্চুরিসহ সবচেয়ে বেশি ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করেন। সিরিজ সেরা হন। সিরিজজুড়ে ২০০ রানই কেউ করতে পারেনি। দ্বিতীয় সেরা রান করেছেন আফগানিস্তানের রহমত শাহ (১৩৩ রান)।সেরা পাঁচে বাংলাদেশের আছেন শুধু দুইজন। লিটন ও পঞ্চম সেরা আফিফ হোসেন ধ্রুব (১১১ রান)। রান সংগ্রাহক তালিকায় তৃতীয় ও চারে আছেন যথাক্রমে আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান (১২২ রান) ও তৃতীয় ওয়ানডের ম্যাচ সেরা রহমানুল্লাহ গুরবাজ (১২০ রান)। বোলিংয়ে ফারুকীর পরেই আছেন আফগান স্পিনার রশিদ খান ও সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর ॥
বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মুস্তাফিজ ১: ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)।
আফগানিস্তান ॥ ৪০.১ ওভারে ১৯৩/৩ (গুরবাজ ১০৬*, রিয়াজ ৩৫, রহমত ৪৭, শাহিদি ২, নাজিবউল্লাহ ১*; শরিফুল ৭-১-৪১-০, তাসকিন ৬-০-৩৪-০, সাকিব ১০-০-৪৭-১, মুস্তাফিজ ৬-০-২৪-০, মিরাজ ৮.১-১-৩৭-২, আফিফ ২-০-৮-০, ইয়াসির ১-০-২-০)।
ফল ॥ আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচ সেরা ॥রহমানউল্লাহ গুরবাজ
ম্যান অব দা সিরিজ ॥ লিটন কুমার দাস