শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

আট জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাধারণ মানুষ চরম দুর্ভোগে 

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা হাড়কাঁপানো শীতে কাঁপছে। বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের দাপটে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে টানা আট দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। তীব্র শীতের কারণে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। ভ্যানচালক, হোটেল শ্রমিক ও দিনমজুরদের দৈনন্দিন আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক স্থানে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে শীতার্ত মানুষদের।

এদিকে কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। ফলে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সারা দেশের তাপমাত্রা রোববারের তুলনায় কিছুটা বাড়লেও আগামী বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আজ তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। যদিও এই মাত্রার মধ্যেই তাপমাত্রা রয়েছে, তবে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com