বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

আগামী নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, আমরা যদি মনে করি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারবো তাহলে আমরা তাই করবো। যদি সেই শক্তি না থাকে তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো।

বুধবার (১০ মে) জাপার বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কি করলে জনগণের ভালো হবে আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেবো। আমরা দেখবো, কার সঙ্গে গেলে জনগণ বেশি উপকৃত হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এ ব্যাপারে দলের নেতা-কর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, দেশে সুশাসন দেবো এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না।

তিনি বলেন, আমরা আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com