রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ॥
মসজিদের শান্ত-স্নিগ্ধ পরিবেশ ও মুসলমানদের ইবাদত পদ্ধতি দেখার কৌতূহল থেকেই গিয়েছিলেন সেখানে। কিন্তু সেই পরিদর্শনই বদলে দিল তাঁর জীবনের গতিপথ। মসজিদের ভেতর জুমার খুতবা ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত ইসলাম ধর্মই গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি।
গতকাল শনিবার (১১ জুলাই) ‘দ্য ইসলামিক ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ২৫ বছর বয়সী এই দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত অজি তারকা অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামের ছায়াতলে আসেন।
প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার দিন কৌতূহলবশত অ্যাডিলেডের ওই মসজিদে গিয়েছিলেন ইয়েঙ্গি। সেখানে তখন জুমার খুতবা প্রদান করছিলেন বিশ্বখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক। নামাজ শেষ হওয়ার পর মুফতি মেঙ্কের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। তরুণ এই ফুটবলার অত্যন্ত সানন্দে ও আন্তরিকতার সাথে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত শত শত মুসল্লির সামনে ইসলাম গ্রহণ করেন।
তবে এই সিদ্ধান্ত কোনো আকস্মিক আবেগ নয়, বরং গভীর অনুসন্ধান ও আত্মোপলব্ধির ফসল। ইসলাম ধর্ম গ্রহণের পর ‘নুজুম স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেতে ইয়েঙ্গি বলেন, “এটি কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। দীর্ঘদিনের পড়াশোনা, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি।” সম্পূর্ণ আত্মতুষ্টি এবং ব্যক্তিগত সুদৃঢ় উপলব্ধি থেকেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মাঠের গতি আর আক্রমণাত্মক চতুর খেলার শৈলীর জন্য পরিচিত এই তরুণ ফরোয়ার্ড বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে মাঠ মাতাচ্ছেন। ক্লাব ফুটবলে দারুণ পারফর্ম করা তেতে ইয়েঙ্গি ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলেও ডাক পেয়েছেন। নতুন এক ধর্মীয় ও আত্মিক অধ্যায় শুরু করায় ফুটবল অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রশংসায় ভাসছেন এই উদীয়মান তারকা।