বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ সাকিব আল হাসান বলেন ‘আমি চাই অন্তত একটি ম্যাচ জিততে। আর যদি সেটা হয়, তাহলে খুব খুশি হবে। আমার ধারণা পুরো দলেরই টার্গেট থাকবে সেটা। যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে। অন্তত একটা ম্যাচও যদি জিততে পারি সেটাও ভালো ফলাফল। কতটুকু করতে পারব সেটাই গুরুত্বপূর্ণ।’-কথাগুলো বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন আশাই ব্যক্ত করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে অন্তত একটি ম্যাচ জয়ের আশা করছেন সাকিব।
‘দলের সঙ্গে থাকাটা সব সময়ই স্বস্তির ও সুখের’
সাকিব দলের সঙ্গে যোগ দিয়েই অনুশীলন করবেন। দলের সঙ্গে থাকা সব সময় সাকিবের কাছে আনন্দের বলে জানান, ‘অনেকটাই স্বস্তির। দলের সঙ্গে থাকাটা সব সময়ই স্বস্তির ও সুখের। ভাল ব্যাপার। মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। আশা করছি সামনেও থাকবে সেটা। দলের সাথে থাকাটাই আনন্দের।’
‘আমি চেষ্টা করবো মূল্য দিতে’
মানসিক ও শারীরিক কারনে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। অবশেষে যাচ্ছেন। আশা করছেন জায়গা পরিবর্তন হলে সব ঠিক হয়ে যেতে পারে। সাকিব জানান, ‘অনেক সময় জায়গা পরিবর্তনের সাথে সাথে মানসিকতারও পরিবর্ত ঘটে। আমি অমনটাই আশা করছি। আমি সিউর যে আমি সব সময়ই টিমের সবার সাপোর্ট পাই। এবারও আশা করছি তারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি চেষ্টা করবো তার মূল্য দিতে।’
দক্ষিণ আফ্রিকায় সবার করোনা নেগেটিভও হয়ে গেছে
রবিবার রাতে বাংলাদেশ দলের শেষ ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন সাকিব। এর আগে সবাই চলে গেছেন। সবার করোনা নেগেটিভও হয়ে গেছে। সোমবার থেকে অনুশীলনও শুরু করে দেবেন বাংলাদেশ ক্রিকেটাররা।
‘আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে ও দলীয় ভাবে অনেক কিছু করার আছে’
দক্ষিণ আফ্রিকায় এর আগে কিছু করতে পারেনি বাংলাদেশ। একটি ম্যাচও জিততে পারেনি। সাকিব ব্যক্তিগত পর্যায়ে ও দলীয় ভাবে কিছু করার দিকেই জোড় দিচ্ছেন, ‘আমরা আগে তেমন কিছু করতে পারিনি, তারচেয়ে কি করতে পারি- তা নিয়েই ভাবতে চাই। আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে ও দলীয় ভাবে অনেক কিছু করার আছে।’
‘কিউইদের হারাতে পেরেছি , আমাদের অনুপ্রাণিত করবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টি অনুপ্রাণিত করবে বলেও আশা করছেন সাকিব, ‘হ্যা, আমিও সেটা মনে করি, সেটাই হওয়া উচিৎ। নিউজিল্যান্ডের মত টাফ কন্ডিশনে যখন আমরা কিউইদের হারাতে পেরেছি , আমার ধারনা সেটা আমাদের অনুপ্রাণিত করবে।’
‘আমার ভাল প্রস্তুতিই হবে’
নিজের প্রস্তুতি নিয়ে সাকিব জানান, ‘মানসিকভাবে যতটা প্রস্তুতি নিতে হবে। আমি খুব ভাল পারফর্ম করলাম আর টিম করলো না, সেটাও ভাল না। আবার অন্য কেউ পারফরম করলো আমি করলাম না, সেটাও ভাল কিছু বয়ে আনবে না। সবাই যদি পারফর্ম করি তাহলে ভাল রেজাল্ট করা সম্ভব। জোহানেসবার্গে দল একটা সেশনও ট্রেনিং করেছে কি না জানি না। সোমবার যদি প্রথম প্র্যাকটিস সেশন হয়, তাহলে আমি ওই সময় মাঠে উপস্থিত থাকবো। আমার ধারনা আমার ভাল প্রস্তুতিই হবে।’
‘আমাদের জন্য ট্যুরটা হবে চ্যালেঞ্জিং’
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে কিছু করে ফেলা যে কঠিন, তাও ভালোভাবে বুঝিয়ে দিলেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার, ‘দক্ষিণ আফ্রিকায় শেষবার ভারতও খেলতে গিয়ে পারেনি। আমাদের জন্য ট্যুরটা হবে চ্যালেঞ্জিং। আমরা ঘরের মাঠে ভাল বোলিং করি। তবে দেশের বাইরে বোলিং নিয়ে স্ট্রাগল করি। সেটা ভাল করতে হবে। সে জায়গায় অনেক বেশি উন্নতির জায়গা আছে। আমাদের ব্যাটিংটাও ভাল করতে হবে। বড় মাঠে যেটা হয় যে, আমাদের ফিল্ডিংটাও গুরুত্বপূর্ণ। তাই তিন ডিপার্টমেন্টেই ভাল করতে হবে। অনেক ভাল করতে হবে। খালি চোখে নতুন টিম হলেও এখন তারা একটি ব্যালেন্সড টিম হয়ে গেছে। রিসেন্ট পারফরমেন্স ভালো। এখন তারা দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল।’