সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ স্পোর্টস ডেস্ক : শেষ বলের নাটকীয়তায় পাকিস্তানকে ১ উইকেটে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ভারতীয় যুবকরা।
ম্যাচের একপর্যায়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে প্রায় হারার মুখে পড়ে ভারত। জয়ের জন্য তখন শেষ ৫১ বলে প্রয়োজন ছিল আরও ৮৬ রান। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন মানাল চৌহান। অন্যদিকে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান।
তবে শেষ দিকে ভারতের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন বোলার মোহিত উলভা ও চিগুরুপাতি ভেঙ্কাটা। নবম উইকেটে মোহিতকে নিয়ে মাত্র ৩৫ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মানাল। তাদের এই লড়াইয়ে আবারও জয়ের সম্ভাবনা তৈরি হয় ভারতের সামনে।
কিন্তু মানাল চৌহান বিদায় নিলে আবারও কঠিন পরিস্থিতিতে পড়ে ভারত। শেষ উইকেট হাতে রেখে জয়ের জন্য ১৬ বলে প্রয়োজন দাঁড়ায় ২৯ রান। ক্রিজে তখন দুই বোলার মোহিত ও ভেঙ্কাটা। এমন পরিস্থিতিতে ভারতের জয় পাওয়া ছিল প্রায় অসম্ভব।
কিন্তু হাল ছাড়েননি এই দুই ব্যাটার। পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ১৬ বলেই তুলে নেন প্রয়োজনীয় ৩০ রান। শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৩ রান। মোহিত উলভার ব্যাট থেকে আসা বাউন্ডারিতে নিশ্চিত হয় ভারতের অবিশ্বাস্য জয়।
শেষ উইকেটে দুই বোলারের অসাধারণ ব্যাটিং, মানালের গুরুত্বপূর্ণ ইনিংস এবং শেষ বলের রোমাঞ্চে ১ উইকেটের জয় নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় ভারত। নাটকীয় এই ফাইনাল এবারের আসরের অন্যতম স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে।