শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ চলছে 

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ আট বছর পর চা শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই মৌলভীবাজারের চা বাগানের ভোটকেন্দ্র গুলোতে ভোট দেওয়া শুরু করেছেন চা শ্রমিকরা। নেতৃত্ব নির্বাচনের এ আয়োজন ঘিরে বাগান জুড়ে তৈরি হয়েছে আনন্দ উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশ।

চা শ্রমিক ভোটাররা জানান, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা হচ্ছে ভোটারের লাইন।

বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন ভোট দেবেন।

জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ও নিজেদের প্রতিনিধিত্বের প্রশ্নে এই ভোটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনেক চা শ্রমিক। ভোটকেন্দ্রে আসা শ্রমিকদের কাছে নির্বাচন কেবল ব‍্যালটের মাধ্যমে একজন নেতা বেছে নেওয়ার আয়োজন নয়, বরং নিজেদের কথা বলার, দাবি তুলে ধরার এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হওয়ার একটি সুযোগ। নতুন নেতৃত্ব দৈনন্দিন জীবনের নানা সমস্যা, শ্রমিকদের চিকিৎসা-শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে আরো কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তাদের।

ভোট দিতে আসা গোপাল গোয়ালা বলেন, ‍বাগানের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকের অধিকার আদায়ের জন্য ভোট দিচ্ছি।

চা শ্রমিক জয়গুণ বলেন, শ্রমিকদের লাঞ্চনা আর বঞ্চনার কথা বলার হাতকে শক্তিশালী করতে পছন্দের প্রার্থীকে ভোট দেব।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, আজ সকাল থেকে জেলার চা বাগান গুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com