শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

নড়াইলে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পক্ষের লোকজন। তবে অভিযুক্ত পক্ষের দাবি, তিনি স্ট্রোকে মারা গেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে ফরহাদের সঙ্গে তার চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে নিজের জমিতে ধান কাটতে গেলে পাশের একটি বাগান থেকে কয়েকজন এসে ফরহাদের ওপর হামলা চালান। লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তার মৃত্যু হয়।

তবে হামলা ও হত্যার অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যার পক্ষের লোকজন। তাদের দাবি, ফরহাদ স্ট্রোক করে মারা গেছেন, তাকে কেউ মারধর করেনি।

লোহাগড়ার লাহুড়িয়া তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com