শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

নবাবগঞ্জে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নবাবগঞ্জে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শিক্ষার বিস্তার এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে নয়নশ্রী যুব কল্যাণ শক্তির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের বিকল্প নেই।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে নতুন প্রজন্ম আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। এ ধরনের আয়োজন শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নয়নশ্রী যুব কল্যাণ শক্তির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ।

আকাশ হোসেন ও উর্মিলা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নয়নশ্রী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহিনুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুজন, ইউপি সদস্য সালমা আক্তার এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. কবির আনোয়ারসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com