বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে নতুন দর ২০৭ টাকা

সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে নতুন দর ২০৭ টাকা ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক : বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দামে বোতলজাত তেল প্রতি লিটার ২০৭ টাকা এবং খোলা তেল ১৮৮ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের তেলের মজুত, বাজারদর, ঋণপত্র খোলা ও আমদানির পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেয়। ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, সর্বশেষ ২ সেপ্টেম্বর দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে। আসন্ন রমজানে পর্যাপ্ত মজুত ও সরবরাহ বজায় রাখতে নতুন দাম নির্ধারণের প্রস্তাব দেন তারা।

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও নির্ধারিত দামের বেশি দামে বিক্রি ঠেকাতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকেও বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com