বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার

ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রায়হান পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা রায়হানকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে। ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলায় তল্লাশি চালিয়ে অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই এলাকায় রায়হান ও তাঁর সহযোগীরা অস্ত্র তৈরি করতেন।

পুলিশের ভাষ্য, ওই দিন সন্ধ্যায় চুরখাঁরহাট এলাকায় গুলিতে ছয়জন আহত হন। স্থানীয়রা রায়হানের সহযোগী ও সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদ হোসেনকে আটক করেন। এরপর কয়েকটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের দল এলাকায় অভিযান চালায়।

২৫ নভেম্বর কাজীরহাটের কালাইয়ারটেক এলাকা থেকে এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইকতিয়ার ফরহাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ। পরে মহররম আলীর কাছ থেকে ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জনার্ধন দে নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র সরিয়ে নেওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তার ছয়জন হলেন জাবেদ হোসেন, এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, ইকতিয়ার ফরহাদ, মহররম আলী ও জনার্ধন দে। পুলিশের হিসাবে, উদ্ধার হওয়া ৩৪ রাউন্ড গুলির মধ্যে ২২টি পিস্তলের গুলি এবং ১২টি শটগানের কার্তুজ। এ ছাড়া দুটি খালি খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com