বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে জাল টাকাসহ মোঃ ইয়াছিন বেপারী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পৌর এলাকার জুরগাঁও বাজার থেকে ওই যুবককে আটক করা হয়।
এদিকে এই ঘটনায় আটককৃত ওই যুবকের নামে থানায় একটি হামলা দায়ের করেছে স্থানীয় এক ব্যবসায়ী।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ মোতালেব বেপারীর ছেলে ইয়াছিন বেপারী কালকিনি পৌর এলাকার জুরগাঁও বাজারের একটি দোকান থেকে ওষুধ ক্রয় করার জন্য জাল টাকা দেন। পরে তার দেহ তল্লাশী করে একটি ১ হাজার ও একটি ৫’শ টাকার জাল নোট পাওয়া যায়। তবে ওই যুবকের সাথে থাকা জাল টাকার মূল ব্যবসায়ী পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আটককৃত ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, জাল টাকাসহ একজন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।
এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে কালকিনিতে জাল টাকার ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হবে।