শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে শিল্পীদের আঁকা ছবির অনুকরণ তৈরি করে অনলাইনে বিক্রির জন্য তোলা হচ্ছে। কোথাও কোথাও আসল শিল্পীর নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্টও খোলা হচ্ছে। এতে শিল্পীদের কাজের স্বত্ব, ব্যবসা ও আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রতিক্রিয়ায় কেউ সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া কমিয়েছেন, আবার কেউ এসব প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কথা ভাবছেন।
যুক্তরাজ্যের জলরঙশিল্পী ম্যাটি বার্নহ্যাম ২০২৪ সালে একটি ছবি শেয়ারিং সাইটে এমন একটি অ্যাকাউন্ট খুঁজে পান। সেখানে তার আঁকা ছবির এআই তৈরি অনুকরণ বিক্রির জন্য রাখা হয়েছিল। সেগুলো প্রচারে অনলাইন দোকান ও সামাজিক মাধ্যমেও ভুয়া প্রোফাইল খোলা হয়।
অনুসন্ধান করে বার্নহ্যাম অ্যাকাউন্টটির অবস্থান ভিয়েতনামের হো চি মিন সিটিতে শনাক্ত করেন। তবে এর পেছনে কারা রয়েছে, তা জানতে পারেননি।
বার্নহ্যামের অভিযোগ, এ ধরনের অ্যাকাউন্ট বিপুল অনুসারী তৈরি করে সামাজিক মাধ্যম থেকে আয় করছে। অনেক ব্যবহারকারী ভুয়া প্রোফাইলকে আসল শিল্পীর বলে মনে করেন। পরে তাদের বিজ্ঞাপন থাকা বিভিন্ন ওয়েবসাইটে পাঠানো হয়।
এমন অভিজ্ঞতায় স্বতন্ত্র শিল্পীদের মধ্যে সামাজিক মাধ্যম নিয়ে উদ্বেগ বাড়ছে। কেউ পোস্ট করা বন্ধ করছেন, কেউ আবার এসব প্ল্যাটফর্ম ছেড়ে সাবস্ক্রিপশনভিত্তিক সেবা ও নিউজলেটারনির্ভর অনলাইন কমিউনিটিতে যোগ দিচ্ছেন।
চিত্রকরদের একটি সংগঠনের বোর্ড সদস্য টিম ও’ব্রায়েনের মতে, শিল্পীদের কাজ ব্যবহারের আগে তাদের সম্মতি নেওয়া এবং ন্যায্য পারিশ্রমিক দেওয়া জরুরি। অনুমতি ছাড়া কোনো কাজ ব্যবহার করা হলে শিল্পীরা যেন সহজে আপত্তি জানাতে পারেন, সেই ব্যবস্থাও থাকা প্রয়োজন।