শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শাহাদতের অপরাজিত শতকে পাকিস্তানের লক্ষ্য ২৩৩

শাহাদতের অপরাজিত শতকে পাকিস্তানের লক্ষ্য ২৩৩ ছবি সংগৃহীত

একুশের কন্ঠ স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। শাহাদত হোসেনের অপরাজিত সেঞ্চুরিতে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে দলটি। জিততে পাকিস্তানকে করতে হবে ২৩৩ রান।

শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি দলীয় ১৪ রানে অধিনায়ক সাইফ হাসান ২ রান করে এবং ১৬ রানে মাহমুদুল হাসান জয় ৯ রান করে আউট হন।

এরপর মাহিদুল ইসলামকে নিয়ে ইনিংস সামাল দেন শাহাদত। দুজনের ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হন মাহিদুল। অন্য প্রান্তে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন শাহাদত। ৬১ বলে অর্ধশতক পূর্ণ করার পর ইনিংস আরও বড় করেন তিনি।

মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৫, সাব্বির হোসেন শূন্য, মেহরব ২৮ এবং রাকিবুল ১০ রান করে ফেরেন। তবে এক প্রান্ত ধরে রেখে রান তুলতে থাকেন শাহাদত। শেষ দিকে রিপনের ১২ বলে অপরাজিত ১৯ রানও দলের সংগ্রহ বাড়ায়।

শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত। ৫০ ওভার শেষে ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সুফিয়ান মুকিম ৩ উইকেট নেন। হাসান নেওয়াজ ও আলী রাজা পান ২টি করে উইকেট। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে ২৩৩ রানের লক্ষ্য তাড়া করবে পাকিস্তান ‘এ’ দল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com